বালিয়াডাঙ্গীতে গৃহবধু হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নাসিমা আক্তার (২৭) নামে দুই সন্তানের জননীকে মারপিট করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে ওই গৃহবধুর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর গৃহবধুর স্বামীর পরিবারের লোকজন সকলেই পলাতক রয়েছে।
গৃহবধু নাসিমা আক্তার উপজেলা বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আক্তারুল ইসলামের স্ত্রী ও আমজানখোর ইউনিয়নের নাসির উদ্দীনের কন্যা।
রবিবার সকাল সাড়ে ১১টার সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করেছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক খায়রুজ্জামান।
পরিদর্শক খায়রুজ্জামান মেয়ের বাবা ও তার পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, গৃহবধুকে মারপিট করে হত্যার পর আত্মহত্যা বলে দেখানোর জন্য গলায় ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে।এর আগেও যৌতুকের জন্য তাকে মারপিট করতো বলে জানায় এই পুলিশ কর্মকর্তা।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধুর পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
No comments
Post a Comment